বিয়ানীবাজারে আইফোনের কারণে যুবক খুন

post-title

ছবি সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য ইমন আহমদ (২০) নামের এক যুবক খুন হয়েছেন।  তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি ফিসারির পার থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের নিজ গ্রামের আশরাফুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আশরাফুল আব্দুল করিম মনাইর ছেলে।

জানা যায়,  বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে ইমন আহমদ (২০) খুবই সহজ-সরল প্রকৃতির যুবক। তিনি আইফোন ১৫ প্রো ম্যাক্স একটি ফোন ব্যবহার করতেন এবং তার এই ফোনের উপর তার বন্ধু-বান্ধবের নজর রয়েছে। তারা প্রায়ই ইমনের মোবাইল ফোন নিয়ে ব্যবহার করতো।

গত ৭ ডিসেম্বর ইমনকে তার বন্ধু আশরাফুল বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি।

পরবর্তীতে বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি ফিসারির পার থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত তার বন্ধু আশরাফুলকে আটকের পর তার জবানবন্দিতে আইফোন ছিনতাই ও ইমন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় পুলিশ।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

এসএ/সিলেট