শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে ১৪.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

post-title

ছবি প্রতীকী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কমে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার তাপমাত্রা ১৬.৭ এবং বৃহস্পতিবার ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

সকালে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকছে। চা বাগানগুলোর পাতায় জমছে শিশির ও কুয়াশার আস্তরণ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় দুপুর থেকে বিকেল পর্যন্ত তাপমাত্রা সহনীয় বা কিছুটা উষ্ণ থাকছে। সন্ধ্যা নামার পর শীতের আমেজ শুরু হয়ে শেষ রাত ও ভোরে ঠান্ডা আরও স্পষ্ট হয়ে উঠছে।

লাখাইছড়া চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য জানান, দিনের বেলা গরম অনুভূত হলেও শেষ রাত ও ভোরে বেশ ঠান্ডা পড়ছে। রাতে কুয়াশাও ঝরছে।

এদিকে, পুরোদমে শীত জেঁকে বসার আগেই জেলার বিভিন্ন উপজেলায় লেপ-তোষক সেলাই ও তৈরির কাজে কারিগর এবং ক্রেতাদের ব্যস্ততা বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলার তাপমাত্রা ক্রমেই নিচে নামছে। সামনে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

অপরদিকে, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে চা শ্রমিকরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এসএ/সিলেট