শান্তিপূর্ণ পরিবেশে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারে চা-শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ

post-title

ছবি সংগৃহিত

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ দেশের পাঁচ জেলার চা-বাগানগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে।

শ্রীমঙ্গলের ভাড়াউড়া, কাকিয়াছড়া, ফুলছড়া ও কালীঘাট চা-বাগানের প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ চা-শ্রমিক ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল থেকেই শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশীদ এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬-এ দেশের পাঁচ জেলার ১৬৭টি চা-বাগানের ১ লাখ ৫৩ জন ভোটার ২৩০টি কেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে অংশ নেওয়া জেলাগুলো হলো—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, মৌলভীবাজার জেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮৭ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতের অধীনে ভোটার সংখ্যা ১৮ হাজার ৮২২ জন। জেলার মধ্যে শ্রীমঙ্গলেই সবচেয়ে বেশি পঞ্চায়েত ও ভোটার রয়েছেন।

তিনি আরও জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

দীর্ঘ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা-বাগানগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে শ্রমিকদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। সংশ্লিষ্টদের মতে, এ নির্বাচন চা-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব নির্বাচন এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এসএ/সিলেট