জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে মানব পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের শিকার হতে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সংগ্রাম বিওপির একটি টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

আটক রুবেল দাস (২৭) সুনামগঞ্জ জেলার দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। উদ্ধার হওয়া ব্যক্তি মো. লাল্টু হোসেন (৪১)। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের মো. মমিন গাজীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সংগ্রাম বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দুজনের সন্দেহজনক চলাফেরা দেখতে পায়। পরে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছিলেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইকবাল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

আটক রুবেল দাসের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

এসএ/সিলেট