মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের নিচতলার বারান্দায় আগুন

post-title

ছবি সংগৃহিত

সিলেটের মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের কার্যালয় থাকা একটি ভবনের নিচতলার বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা ভবনটির নিচতলার বারান্দায় আগুন দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক ভবনের বারান্দায় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। মুহূর্তের মধ্যেই বারান্দায় আগুন জ্বলে ওঠে। তবে ভিডিওতে দেখা ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে সরাসরি আগুন দেওয়া হয়নি। যে ভবনে ব্যাংকের কার্যালয় রয়েছে, তার নিচতলার বারান্দায় আগুন দেওয়া হয়েছে। ভবনটির দ্বিতীয় তলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং নিচতলায় কেয়ারটেকার থাকেন।

তিনি বলেন, নিচতলার বারান্দায় কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

এসএ/সিলেট