নিখোঁজের পর সুরমা নদী থেকে মা ও ১১ মাসের মেয়ের মরদেহ উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া দুজন হলেন- দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তাঁদের ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস।

জীবনানন্দ বিশ্বাস জানান, তাঁর স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাঁদের মেয়ে জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল।

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তাঁর স্ত্রী। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মরদেহ উদ্ধারের খবর পান তিনি।

সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট