কুলাউড়ায় এমন উন্নয়ন করতে চাই, যাতে মানুষ স্মরণ রাখে: এমপি শকু

post-title

ছবি সংগৃহীত

কুলাউড়ার উন্নয়নে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, এমন উন্নয়ন করতে চান, যাতে মানুষ তাঁকে স্মরণ রাখে। এলাকার উন্নয়নের স্বার্থে ত্যাগ স্বীকার করাই রাজনীতির মূল উদ্দেশ্য।

রোববার (২২ নভেম্বর) রাতে কুলাউড়া ডাকবাংলো মাঠে কুতবুল আউলিয়া শাহ সূফী আলহাজ মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা এবং সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শওকতুল ইসলাম শকু বলেন, ‘কুলাউড়ায় আমরা উন্নয়নের ধারা শুরু করেছি। ধীরে ধীরে তা বাস্তবায়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থে ত্যাগ স্বীকার করাই রাজনীতির মূল উদ্দেশ্য। রাজনীতি সব জায়গায় চলে না। এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই। আমি এমন উন্নয়ন করতে চাই, যাতে মানুষ আমাকে স্মরণ রাখে।’

ছাতাপীরের নামকরণের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ছাতাপীর সাহেব শুধু ছাতা নিয়ে ঘুরতেন, বিষয়টি এমন নয়। বৃষ্টি হলে মানুষ যেমন মাথার ওপর ছাতা দেয়, তেমনি কোনো বিপদ-আপদে পড়লে তাঁর কাছে যেতেন। তিনি তাঁদের সুপরামর্শ দিতেন।

এ সময় সংসদ সদস্য ছাতাপীর সাহেবের মাজারে যাওয়ার রাস্তা নির্মাণ এবং ওয়াজ মাহফিলের মাঠ ভরাটে অনুদান দেওয়ার আশ্বাস দেন।

স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহসাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা এবাদুর রহমান যৌথভাবে সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন, উপজেলা আল ইসলাহের সহসভাপতি কাজী মখলিছুর রহমান, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মুসলেহ উদ্দিন মুসা, কাতার শাখার সহসাধারণ সম্পাদক রুবেল আহমদ, মাওলানা মুফতি শামসুল ইসলাম, স্মৃতি পরিষদের সহসাধারণ সম্পাদক এইচ ডি রুবেল ও পৌর আল ইসলাহ নেতা আব্দুল মুবিন জিহাদী।

সভা শেষে উপজেলার প্রায় ১৫০ জন কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে ছাতা বিতরণ করা হয়।

এসএ/সিলেট