সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় কম্বল ও চা-পাতাসহ আটক ২

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন পরগনা বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশে নূরুল কুরআন মাদ্রাসার সামনে চেকপোস্ট পরিচালনা করে ডিবি পুলিশ।

এ সময় ঢাকা মেট্রো-ট-২০-০১২৪ নম্বরের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৫১ পিস ভারতীয় কম্বল ও ৩৪ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার নয়ানী এলাকার বাসিন্দা মো. বাবুল খান এবং নোয়াখালী সদর থানার আন্ডারচর এলাকার বাসিন্দা তাওহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা করা হয়েছে। আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএ/সিলেট