গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় কৃষকের কবজি বিচ্ছিন্ন

post-title

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে বাড়ি ফেরার পথে হারিস আলী (৫৫) নামে এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর কবজির ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত হারিস আলী উপজেলার ফুলতৈছগ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, হারিস আলী তোয়াকুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কামারগ্রাম এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি নেমে তাঁকে দা দিয়ে কোপ দেন। এতে তাঁর কবজির ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হামলাকারীরা তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে অভিযান চালানো হচ্ছে।


এসএ/সিলেট