শ্রীমঙ্গলে চায়ের গুণগত মান নিশ্চিতকরণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

post-title

ছবি সংগৃহীত

চায়ের গুণগত মান উন্নয়ন, আধুনিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে দক্ষতা বাড়াতে শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)-এর আয়োজনে ‘উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ২০২৬’ এবং ‘Principles and Processes of Quality Tea Manufacturing’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি শনিবার (১৫ আগস্ট) শুরু হয়েছে। চলবে ২০ আগস্ট পর্যন্ত।

শনিবার সকালে শ্রীমঙ্গলে বিটিআরআই প্রাঙ্গণে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ও যুগ্মসচিব ইয়াছমিন পারভীন তিবরীজি, সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোয়াজ্জেম হোসাইন, চা বোর্ডের সচিব মো. মমিনুর রশিদ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, ন্যাশনাল টি ব্রোকার্সের চেয়ারম্যান মো. সাইফুল ইসমাইলসহ চা শিল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বৃহত্তর সিলেট, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের পাশাপাশি পঞ্চগড় ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট টি প্লান্টার্স, জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও টি ব্রোকার্স প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ চা বোর্ড, বিটিআরআই ও প্রকল্প উন্নয়ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চায়ের গুণগত মান নিশ্চিত করতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, সঠিক প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আস্বাদনের বিষয়েও সংশ্লিষ্টদের দক্ষতা অর্জন করতে হবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান আরও শক্তিশালী করতে উন্নতমানের চা উৎপাদন ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে চায়ের গুণগত মান যাচাই, চা আস্বাদনের বৈজ্ঞানিক পদ্ধতি, চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপ, মান নিয়ন্ত্রণ এবং উন্নতমানের চা উৎপাদনের নীতিমালা ও প্রক্রিয়া বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

বিটিআরআইয়ের গবেষণায় চা আস্বাদনকে চায়ের গুণগত মান ও বাজারমূল্য মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা ও অভিজ্ঞতা আরও বাড়বে এবং দেশের চায়ের গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

এসএ/সিলেট