দিরাইয়ে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে বাজারের স্কুল মার্কেটে লাগা এ আগুনে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে মার্কেটের ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার মুদি দোকানসহ মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে।

আগুন লাগার পর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ এই দুর্ঘটনায় একমাত্র উপার্জনের পথ হারিয়ে ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।

দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ জানান, এ ঘটনায় আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

টানাখালী বাজার কমিটির সভাপতি নূরুল আমীন সরদার বলেন, গভীর রাতে আগুন লাগায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ৬ দোকানের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে এবং তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

এসএ/সিলেট