মুজাহিদ আলী মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

post-title

ছবি সংগৃহীত

সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে সাবেক ফুটবলারদের অংশগ্রহণে মুজাহিদ আলী মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। সিলেট জেলা সোনালী অতীতের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সিলেট বিভাগের পাঁচটি দলসহ ঢাকা থেকে অংশ নিয়েছে লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব।

ছয় দলের এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হচ্ছেন ঢাকার লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাবের গোলকিপার ও জাতীয় দলের সাবেক সদস্য বিপ্লব ভট্টাচার্য এবং সিলেট জেলা সোনালী অতীত দলের অধিনায়ক শাহাজ উদ্দিন টিপু। শাহবাজ উদ্দিন টিপু বাংলাদেশের একমাত্র সাফ স্বর্ণজয়ী দলের সদস্য এবং বিপ্লব ভট্টাচার্য জাতীয় দলের কিংবদন্তি গোলকিপারদের একজন।

বৃহস্পতিবার উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব ৫-২ গোলে সিলেট মেট্রো দলকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট মহানগর ও মৌলভীবাজার জেলা সোনালী অতীত নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র করলে টাইব্রেকারে মৌলভীবাজার জেলা সোনালী অতীত ৪-৩ ব্যবধানে জয়লাভ করে। দিনের শেষ ম্যাচে শাহবাজ উদ্দিন টিপুর নেতৃত্বে সিলেট জেলা সোনালী অতীত দল ২-০ গোলে সিলেট সদর ফুটবল একাদশকে পরাজিত করে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক মুজাহিদ আলীর কন্যা জুলিয়ান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাজা চৌধুরী।

শুক্রবার সকাল ১০টায় টুর্নামেন্টের একমাত্র সেমিফাইনালে মুখোমুখি হবে ঢাকা লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব ও মৌলভীবাজার জেলা সোনালী অতীত দল। সেমিফাইনালের বিজয়ী দল বিকেল ২টায় ফাইনালে খেলবে সিলেট জেলা সোনালী অতীত দলের বিপক্ষে। ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি সারওয়ার আলম।


এসএ/সিলেট