ঢাকা থেকে কাউকে না জানিয়ে সিলেটে আসা ৯ বছরের শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

post-title

ছবি সংগৃহিত

পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঢাকা থেকে সিলেটে চলে আসা নয় বছর বয়সী শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে উদ্ধার করে নিরাপদে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বাসযোগে সিলেটে চলে আসে শিশু রাফাতুল ইসলাম সিয়াম। পরে সে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় অবস্থান করছিল।

একই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাজার এলাকায় এক অপরিচিত নারীর সঙ্গে শিশুটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পায় পুলিশ। শুক্রবার তাকে নিরাপদে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ঢাকা থেকে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট