আম্বরখানা গার্লস স্কুলে আকস্মিক পরিদর্শনে সিউক চেয়ারম্যান, শিক্ষার্থী উপস্থিতি কম পেলেন

post-title

ছবি সংগৃহীত

নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম পাওয়ার কারণ হিসেবে কোচিং সেন্টারে পাঠদানের বিষয়টি সামনে এসেছে। একটি শ্রেণিতে দুই শতাধিক শিক্ষার্থী থাকার কথা থাকলেও উপস্থিত পাওয়া গেছে মাত্র ৭৫ জন।

অনুপস্থিত শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্লাসের সময় কোচিং সেন্টারে যাচ্ছে বলে জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

সোমবার দুপুরে আকস্মিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে তিনি এ চিত্র দেখতে পান। শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে কারণ জানতে চাইলে তাঁরা জানান, কলেজে ক্লাস চলার সময় নগরীর বিভিন্ন কোচিং সেন্টারেও পাঠদান চলে। ফলে অনেকে শ্রেণিকক্ষে না গিয়ে কোচিংয়ে যাচ্ছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে সিলেটের জেলা প্রশাসককে ফোনে জানান সিউক চেয়ারম্যান। একই সঙ্গে নগরীতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, একটি শ্রেণিতে ২০০ শিক্ষার্থী থাকার কথা থাকলেও উপস্থিত ছিল মাত্র ৭৫ জন। শিক্ষার্থীদের কাছে উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানতে পারেন, অনেকে কলেজে ক্লাস না করে একই সময়ে কোচিং সেন্টারে যাচ্ছে। এটি শিক্ষাব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালে কোচিং সেন্টার চালু রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, নগরীতে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসককে একটি নোটিশ জারির উদ্যোগ নিতে বলেছেন। কোন কোন কোচিং সেন্টার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস চলাকালে কার্যক্রম পরিচালনা করছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার পেছনে শ্রেণিকক্ষে অনুপস্থিতিও একটি বড় কারণ বলে মনে করেন সিউক চেয়ারম্যান। তিনি বলেন, মাত্র দুটি ক্লাস পরিদর্শন করেই শিক্ষার্থীদের উপস্থিতির এমন চিত্র দেখা গেছে। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়, নগরীর অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন পরিস্থিতি থাকতে পারে। শহরজুড়ে অসংখ্য কোচিং সেন্টার গড়ে উঠেছে। স্কুল-কলেজের ক্লাস চলার সময় এসব প্রতিষ্ঠানে পাঠদান হওয়ায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ফাঁকি দিয়ে কোচিংয়ে যাচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয় পড়াশোনার জন্য। কিন্তু তারা যদি শ্রেণিকক্ষে না গিয়ে কোচিংয়ে যায়, তাহলে ভালো ফলাফল আশা করা কঠিন। কোনো কোনো শ্রেণিতে ১০০ থেকে ১২৫ জনের বেশি শিক্ষার্থী থাকলেও উপস্থিতি খুবই কম। অনুপস্থিত শিক্ষার্থীদের বড় একটি অংশ কোচিং সেন্টারে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।

কোচিংয়ে পড়ানো বিষয়গুলো শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেও পড়ানো হয় উল্লেখ করে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তাহলে কলেজের ক্লাস বাদ দিয়ে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন কী? এতে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি অভিভাবকদেরও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন দিতে হচ্ছে, অন্যদিকে কোচিং সেন্টারেও টাকা দিতে হচ্ছে।

শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে পাঠ নিতে হবে। কোচিং সেন্টারগুলো ক্লাসের সময় কার্যক্রম চালিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষবিমুখ করবে, তা হতে দেওয়া যায় না। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে এ ধরনের কার্যক্রম চললে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠ গ্রহণের আহ্বান জানান তিনি।

এসএ/সিলেট