ময়মনসিংহ এগ্রো লিমিটেডে ফুড-গ্রেড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশ : মডার্ন সুরমা বেকারীতে মিলল পচা ডিম

জেলা প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

post-title

ছবি সংগৃহীত

মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম বিসিক শিল্প এলাকায় ও নগরীর রায়নগরে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে এই অভিযান শুরু হয় এবং শেষ হয় সন্ধ্যা ৭টার দিকে। অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজ। এসময় অভিযানে সহযোগিতা করেন সিলেট মহানগর পুলিশ ও নিরাপদ খাদ্য অধিদপ্তর সিলেট।

জানা যায়, নিম্নমানের খাদ্য পণ্য উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম বিসিক শিল্প এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় প্রাণ কোম্পানীর সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেডে অভিযান দিয়ে কিছু অসংগতি দেখা যায়।  ফুড-গ্রেড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশ ব্যবহারের মতো অনিয়ম পাওয়া গেছে।

অন্যদিকে, তারা যে মেটালগুলো ব্যবহার করছে তা মরিচা ধরা অবস্থায় পাওয়া যায়। যার ফলে জনসাধারণের ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে তাদেরকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, একই দিনে সন্ধ্যা ৭টা দিকে মহানগরীর রায়নগর এলাকায় নিউ মডার্ন সুরমা বেকারীতে অভিযান দিয়ে ব্যাপক অনিয়ম পাওয়া যায়। বেকারীতে দেখা যায়, পরিবেশ থেকে শুরু করে খাদ্য তৈরি, খাবারের প্রত্যেকটা প্লেটসহ বেকারীর প্রত্যেকটা যন্ত্রাংশে ময়লা এবং মরিচা ধরে আছে। এছাড়াও তারা খাবারে যে ডিম ব্যবহার করছে সেখানেও পচা ডিম এবং ভাঙা ডিম পাওয়া যায়। বেকারীর ভেতরে যে খাবার তৈরি করা হয়েছে সেই খাবারের ঢাকনা নেই।

অন্যদিকে, তারা যে ডাস্টবিন ব্যবহার করছে সেই ডাস্টবিনেও কোনো ঢাকনা নাই। তাদের যে যন্ত্রপাতিগুলো আছে, সেই যন্ত্রপাতিগুলো পরিষ্কার না করার কারণে এখানে সব ময়লা জমে গেছে। ফলে এই ময়লাগুলো খাদ্যের সাথে মিশ্রিত হচ্ছে। এছাড়া নিউ মডার্ন সুরমা বেকারীর বেস্ট একটা খাবারের উপরে চনের মশলা পাওয়া যায়। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই বেকারীতে আজকের তারিখে খাবার তৈরি করে পেকেটের গায়ে দুইদিন পরের তারিখ উল্লেখ করছেন। এসব অনিয়ম এবং নিম্নমানের খাবার তৈরি অপরাধে নিউ মডার্ন সুরমা বেকারীকে নগদ দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজ বলেন, ‘অভিযানে খাদ্য তৈরির যন্ত্রপাতি ও প্লেটে ময়লা, পচা ও ভাঙা ডিম, খাবার ও ডাস্টবিনে ঢাকনা না থাকা এবং ফুড-গ্রেড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশ ব্যবহারের মতো অনিয়ম পাওয়া গেছে। এছাড়া কিছু খাবারে মেয়াদসংক্রান্ত অসঙ্গতিও ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এসএ/সিলেট