সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহিত

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও সোয়েটারের চালানও জব্দ করেছেন বিজিবি সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বিছানাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্য জব্দ করেন।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে গরু, মহিষ, কসমেটিকস, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকলেট, মুভ স্প্রে ও চিপস। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও সোয়েটারের চালান জব্দ করা হয়। এসব পণ্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ।

অন্যদিকে, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন কানাইঘাটের সুরইঘাট ও জৈন্তাপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় রসুন ও গরু জব্দ করেন। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার।

দুই ব্যাটালিয়নের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ ও পাচার বন্ধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

দুই ব্যাটালিয়নের অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬৫ লাখ ৪৮ হাজার ৯৫৪ টাকা।

এসএ/সিলেট