জালালাবাদ পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহিত

সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পাঠানটুলা এবং শনিবার (২৮ নভেম্বর) রাতে মইয়ারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার দর্জিপাড়ার মৃত তজমুল আলীর ছেলে মো. রাসেল আলী। তিনি ৮ নম্বর সিটি ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। অপরজন একই থানার মইয়ারচর এলাকার মৃত মকসুদ আহমদের ছেলে ইহতেশাম আহমদ মাআজ। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে জালালাবাদ থানা পুলিশের একটি দল পাঠানটুলা এলাকায় অভিযান চালায়। এ সময় জালালাবাদ থানার ২০২৪ সালের ২২ আগস্টের ১১১ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি রাসেল আলীকে আটক করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৫ ও ১১৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, শনিবার (২৮ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ইহতেশাম আহমদ মাআজকে আটক করে পুলিশ। তিনি জালালাবাদ থানার ২০২৬ সালের ২ আগস্টের ১৩৬ নম্বর মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা রয়েছে।

পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ এবং গোপন বৈঠকের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার সঙ্গে তারা জড়িত। এ ছাড়া সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল এবং রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উসকানি, মদদ ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট