সিলেট-৩ আসনের এমপি এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা হামলা

post-title

ছবি সংগৃহিত

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে তাঁর বাসায় এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে একটি পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় সংসদ সদস্য এমএ মালিকও বাসায় ছিলেন। হামলার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসায় আগুন লাগার বিষয়টি নিরাপত্তারক্ষীর নজরে এলে তিনি দ্রুত অন্যদের খবর দেন। পরে বাসার লোকজন নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

এসএ/সিলেট