ওসমানীনগরে যাত্রীবাহী তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

post-title

ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী তিনটি বাসের  ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের হেলপার ও সুপারভাইজারের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি মুর্শেদুল আলম ভূঁইয়া জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনকবলিত বাস পুলিশ জব্দ করেছে।

এসএ/সিলেট