রাতারগুলের সেই সভার ভিডিওতে দেখা যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহিত

সুনামগঞ্জের জামালগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওমর ফারুক। সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আলোচিত সভায় দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাকে। ওই সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়।

শুক্রবার (২০ নভেম্বর) জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামে ওমর ফারুকের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। জামালগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

সম্প্রতি গোয়াইনঘাটের রাতারগুলে একটি রিসোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। গত ৮ নভেম্বর রাতে সোহেল স্কয়ার ইকো রিসোর্টে ওই সভা হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে রনজিত চন্দ্র সরকারের পেছনে দলীয় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওমর ফারুককে। এরপরই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়।

এ ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলায় রনজিত চন্দ্র সরকারসহ ১৯৫ জনকে আসামি করা হয়।

এদিকে, গত ১৭ নভেম্বর রাতে জামালগঞ্জ থানায় আরও একটি মামলা করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে। এ মামলারও অভিযুক্ত আসামি ওমর ফারুক।

এসএ/সিলেট