মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে

post-title

ছবি সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে কাজ শুরু হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বিষয়টি নিয়ে কাজ করছেন। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিলেটকে একটি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। এ অঞ্চলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর পাশাপাশি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা গেলে এ অঞ্চলের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পেছনে বিএনপি সরকারের উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একসময় দেশে চারটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই প্রক্রিয়ার সময় সিলেটে এমন কোনো প্রতিষ্ঠান না থাকায় তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান সিলেটেও একটি ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশনা দেন। পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। দীর্ঘ সময় ধরে নানা সীমাবদ্ধতা পেরিয়ে প্রতিষ্ঠানটি আজ একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা রাতারাতি সম্ভব নয়। এর জন্য প্রশাসনিক ও আইনগত বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং পরবর্তী সময়ে সংসদে আইন পাসের বিষয়ও রয়েছে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর শিক্ষকদের পদমর্যাদা, চাকরির কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যাতে বর্তমান শিক্ষকরা কোনো ধরনের জটিলতায় না পড়েন, সে বিষয়টি আমরা বিবেচনায় রাখছি।

কলেজের যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কটিতে স্ট্রিট লাইট স্থাপনের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। আগামীকাল সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। কলেজের শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে সিটি করপোরেশন কাজ করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ কলেজ থেকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করবেন, তারা ভবিষ্যতে সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

পরে সিসিক প্রশাসক কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবু নাসের মজুমদার। সভায় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট