কোতোয়ালী পুলিশের অভিযানে নিষিদ্ধ...
নগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজার...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর অনুষ্ঠান
ছবি সংগৃহীত
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে সিলেটের তরুণদের অংশগ্রহণ কমে গেলে ভবিষ্যতে এ অঞ্চল নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, উচ্চশিক্ষার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে না পারলে সিলেট নেতৃত্ব দেওয়ার সক্ষমতা হারাবে। এ জন্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও সিভিল সার্ভিসে তাদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বুধবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে সিলেটে অবস্থানরত বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব’, সিলেট আয়োজিত সংবর্ধনা, আলোচনা সভা, মতবিনিময়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় সিলেট ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিসিক প্রশাসক বলেন, সিলেটের শিক্ষার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ব্রিটিশ ভারত থেকে শুরু করে বিভিন্ন সময়ে এ অঞ্চলের শিক্ষার্থীরা কলকাতা বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজও উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একসময় শিক্ষা ও উচ্চশিক্ষায় সিলেটের অবস্থান ছিল অত্যন্ত শক্তিশালী।
তিনি বলেন, এমসি কলেজ ও কটন কলেজ ব্রিটিশ আমলে আসাম অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। উচ্চশিক্ষার জন্য সিলেটের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও এ অঞ্চলের অনেক শিক্ষার্থী সেখানে ভর্তি হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী লীলা নাগও সিলেটের ছিলেন। এসব ইতিহাস সিলেটের গৌরবের।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সিলেট অঞ্চলের অনেক শিক্ষার্থী সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বিশেষ করে আশির ও নব্বইয়ের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিলেটের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। কিন্তু বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই ধারাবাহিকতা ধরে রাখা যাচ্ছে কি না, তা নিয়ে ভাবতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর অনেক শিক্ষার্থী সেখানে ভর্তি হলেও দূরবর্তী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেটের শিক্ষার্থীদের অংশগ্রহণ আগের তুলনায় কমেছে বলে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, অভিভাবকদের মধ্যে সন্তানদের বিদেশে পাঠানোর প্রবণতা বাড়ছে। বিদেশে পড়াশোনা অবশ্যই ভালো, তবে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও দক্ষ, যোগ্য ও মেধাবী শিক্ষার্থী তৈরি হওয়া প্রয়োজন। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে অনেকেই সিভিল সার্ভিসে যোগ দিচ্ছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে সিলেটের তরুণদের আরও এগিয়ে আসতে হবে।
সিলেটের প্রশাসনিক ও পেশাগত নেতৃত্বে শিক্ষিত মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো অঞ্চলের উন্নয়নে জনপ্রতিনিধিরা নীতিনির্ধারণ ও পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কোনো অঞ্চলে সরকারি গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের উপস্থিতি থাকলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন আরও সহজ ও কার্যকর হয়।
তিনি বলেন, সিলেটের অনেক মেধাবী শিক্ষার্থী বিভিন্ন কারণে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ থেকে পিছিয়ে পড়ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া এবং সরকারি চাকরিসহ বিভিন্ন পেশায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে তরুণদের উৎসাহিত করতে হবে। সিলেটের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা ও পেশাগত উন্নয়নের বিকল্প নেই।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অধ্যাপক নন্দলাল শর্মা, এম. আতাউর রহমান পীর, নীরেশ চন্দ্র দাশ ও মো. তজম্মুল হোসেন চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ আব্দুল হান্নান। আরও বক্তব্য দেন সিনিয়র সদস্য নজরুল হক চৌধুরী, ভাস্কর রঞ্জন দাস, মাহবুবুজ্জামান চৌধুরী, ড. আবুল ফতেহ ফাত্তাহ, এ টি এম শোয়েব, ড. এনামুল হক সরদার, ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব’, সিলেটের সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, লিয়াকত শাহ ফরিদী, প্রফেসর ভুবনজয় আচার্য, বিধায়ক রায় চৌধুরী, ড. তাসমিয়া চৌধুরী তানিয়া ও অধ্যাপক ফরিদ আহমদ প্রমুখ।
এসএ/সিলেট