অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির প্রযুক্তিনির্ভর নজরদারি

post-title

ছবি সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত টহলের পাশাপাশি সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে এটিভি ও স্পিডবোটের মাধ্যমেও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধীনস্থ লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে সিলেট সেক্টরের সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি, গৃহীত পদক্ষেপ, চলমান কার্যক্রম ও চলতি বছরের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরা হয়।

বিজিবি জানায়, সিলেট সীমান্তের সার্বিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করতে বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনা অনুসরণ করে সরাইল রিজিয়ন ও সিলেট সেক্টরের নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন এবং সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে চলতি বছরের অর্জনের তথ্য তুলে ধরে বিজিবি জানায়, সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৭২ জন আসামিসহ ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। একই সময়ে ১৭৮ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পরিচালিত কার্যক্রমে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে বলে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বেড়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে সহযোগিতা করছেন।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানিয়েছে বিজিবি। সংস্থাটি বলছে, সীমান্ত সুরক্ষায় তাদের কার্যক্রম ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।

এসএ/সিলেট