আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টায় সিলেটের তিন উপজেলায় ৪২৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

একই সভায় গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১১টি সেতু নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে তিন উপজেলার সড়ক যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এক বার্তায় এ তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টিসহ মোট ১১টি সেতু নির্মাণ করা হবে।

এ ছাড়া ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেটের এই তিন উপজেলার জন্য ৪২৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ১৩৯ কোটি ৫০ লাখ, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫০ কোটি ৭৫ লাখ এবং জৈন্তাপুর উপজেলায় ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সিলেটের অবকাঠামো উন্নয়নে এ বরাদ্দ অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বার্তায় মন্ত্রী আরও জানান, ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় আরও ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অধীনে ইতিমধ্যে ৪৯ কোটি ৮২ লাখ টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও ৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেকের সভা শুরু হয়। দুপুর সোয়া ১টায় সভা শেষ হয়।

এসএ/সিলেট