গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : জরিমানা ৩ লাখ ৫০ হাজার টাকা

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন অকার্যকর করা হয়েছে। এ সময় বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। পাশাপাশি পাঁচটি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোয়াইনঘাট সদর থেকে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত বালির হাওর ও নাইন্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন অকার্যকর করা হয়। এ ছাড়া বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

এসএ/সিলেট