ডেঙ্গু মোকাবিলায় কুলাউড়ায় সড়ক-ড্রেন পরিষ্কারে বিশেষ অভিযান

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌরসভা। মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুলাউড়া পৌরভবন থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সমছু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানের অংশ হিসেবে কুলাউড়া পৌর এলাকার উত্তর বাজার ও দক্ষিণবাজারসহ বিভিন্ন সড়ক, ড্রেন, নালা-নর্দমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

কুলাউড়া পৌরসভার প্রশাসক সানজিদা আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গত ১২ সেপ্টেম্বর শুরু হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মশার প্রজননস্থল ধ্বংস, আবর্জনা অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে জনপ্রতিনিধি এবং হাট-বাজারগুলোতে স্থানীয় ব্যবসায়ী সমিতির মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, কুলাউড়া পৌর শহরসহ অন্যান্য হাটবাজারগুলোর পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ীসহ নাগরিকদের নিজ নিজ উদ্যোগে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলাসহ সবাইকে যার যার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

এসএ/সিলেট