নগরীতে দুই চোর আটক : চোরাই মোবাইল উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে কোতোয়ালী থানাধীন মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে একটি রেডমি নোট ১২ প্রো মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি হয়।

মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন এবং স্টুডেন্ট আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে পুলিশ তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এর সূত্র ধরে মঙ্গলবার ভোররাত ১টার দিকে মজুমদারপাড়া এলাকার লাকী রেস্টুরেন্ট সংলগ্ন আহাদ মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে পারভেজ আহমদ  নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ২৫ মিনিটে লামাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর শুক্কুর দারা মিয়া নামে অপর আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট