সিলেট-ঢাকা মহাসড়কে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ এক সিএনজি চালককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। সোমবার (১৮ মে) রাত আনুমানিক ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আলমগীর মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ নরপতি এলাকার মৃত আব্দুল জাহিরের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে সিলেটগামী মহাসড়ক দিয়ে একটি সিএনজিযোগে মাদকদ্রব্য বহন করা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার পাশে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‌্যাব।

এ সময় সন্দেহভাজন একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার কাছে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তার দেখানো মতে সিএনজির ভেতর থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

এসএ/সিলেট