তরুণ ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী

post-title

ছবি সংগৃহিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বইটিকর বাজার (হাজিপুর নয়াপাড়া) এলাকায় ‘সিক্সার্স পাওয়ার প্লে’ (SIXER'S POWER PLAY) ইনডোর ফুটবল মাঠের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এম এ হান্নানের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহানুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বক্তব্যে বলেন- তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে মোবাইল আসক্তি ও মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সুস্থ দেহ ও সতেজ মন নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া উচিত। এ ধরনের আধুনিক ইনডোর মাঠ স্থাপনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম সিরাজ ও ছালিকা আহমদ চৌধুরী, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান, জিন্নুর আহমদ, শিপন আহমদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিনসহ স্থানীয় মুরব্বিয়ান। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ স্থানীয় ক্রীড়াবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে, অনুষ্ঠান শেষে এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বিএনপি নেতা দেলোয়ার হোসেন দারার আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসএ/সিলেট