সিলেটবাসীকে বাণিজ্যমন্ত্রীর তিন সুখবর, অনুমোদন পেল সুরমার ষষ্ঠ সেতু

post-title

ছবি সংগৃহীত

সুরমা নদীর ওপর সিলেটের ষষ্ঠ সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিলেটবাসীর জন্য তিনটি সুখবরের কথা জানান তিনি।

ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, তাঁর নির্বাচনী এলাকা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ধনপুরে সুরমা নদীর ওপর ষষ্ঠ সেতু নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে।

সিলেটবাসীর জন্য দেওয়া অপর দুটি সুখবরের মধ্যে রয়েছে ২০২৭ সালের মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালু এবং সিলেট বিভাগের চার জেলা-সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বিভিন্ন প্রকল্প।

ভিডিও বার্তায় এসব উদ্যোগের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

এসএ/সিলেট