সিলেটে আটক ব্যাটারিচালিত যানবাহন শর্তসাপেক্ষে ছাড়ের উদ্যোগ পুলিশের

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগরে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম নির্দিষ্ট শর্তে মালিক বা চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে এসব যানবাহন ছাড়িয়ে নিতে প্রয়োজন হবে নির্ধারিত কাগজপত্র ও লিখিত অঙ্গীকারনামা।

রোববার (১৫ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. সারওয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরে অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আটকের পর সেগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হচ্ছিল। পরবর্তী সময়ে চালক ও মালিকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনায় গত ১ মে থেকে এ পর্যন্ত আটক যানবাহনগুলো নির্দিষ্ট শর্তে খালাস নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

আটক যানবাহন ছাড়িয়ে নিতে মালিক বা চালকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

যানবাহন ছাড়িয়ে নেওয়ার জন্য আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ফোন নম্বরসহ আবেদনপত্র, আটককৃত যানবাহনের রেকার স্লিপের মূল কপি এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের এক কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

এ ছাড়া মহানগর এলাকায় ভবিষ্যতে আর কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে। একই সঙ্গে অবমুক্ত করা যানবাহন সিলেট মহানগর এলাকায় বিক্রি করা হবে না বলেও লিখিত অঙ্গীকার করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের পর কেউ পুনরায় সিলেট মহানগর এলাকায় ব্যাটারিচালিত অবৈধ যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম) চালালে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণের অবগতির জন্য জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এসএ/সিলেট