ধোপাগুল পয়েন্টে এসআরবির অভিযানে বিদেশি মদসহ যাত্রী গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদসহ মহরম আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল।

রোববার (৮ নভেম্বর) রাতে নগরের ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী সাদাপাথর এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহরম আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরগাঁও গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাত ৮টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জানতে পারে, কোম্পানীগঞ্জ এলাকা থেকে সাদাপাথর এক্সপ্রেস বাসে কয়েকজন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে মাদক নিয়ে সিলেট শহরের দিকে আসছেন।

এ তথ্যের ভিত্তিতে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সাদাপাথর এক্সপ্রেস বাসটি থামিয়ে তল্লাশি চালানো হলে মহরম আলীর দখলে থাকা একটি শপিং ব্যাগ ও একটি স্কুলব্যাগ থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ সংগ্রহ করে নিজের হেফাজতে রেখেছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট