কানাইঘাট ও জৈন্তাপুরে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য ও মহিষ জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, মসলা, চিনি ও তিনটি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম ১০০টি, নিভিয়া সফট ক্রিম ১০০টি, বডি স্প্রে ১৭০টি, জিরা ৯০ কেজি ও চিনি ২৫০ কেজি জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজারমূল্য ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

এদিকে একই দিন গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় তিনটি মহিষ জব্দ করা হয়। জব্দ করা মহিষগুলোর সিজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।

দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৯ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএ/সিলেট