জকিগঞ্জে নদীভাঙনে হুমকিতে বসতবাড়ি-জমি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি

post-title

ছবি সংগৃহিত

জকিগঞ্জে সুরমা নদীর ভয়াবহ ভাঙনে প্রধান ডাইকের প্রায় ২০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আশপাশের শতশত বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। ডাইক ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার চারিগ্রাম (নালুহাটি) গাংপার অংশে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নদীর তীব্র ভাঙনে ডাইকের প্রায় ২০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়। এতে এলাকার বসতবাড়ি, আবাদি জমি ও মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় ভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত ডাইক পুনর্নির্মাণে সংশ্লিষ্ট পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও যুব মজলিস নেতা খায়রুল ইসলাম, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি ও খেলাফত মজলিস নেতা সাংবাদিক রহমত আলী হেলালী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এসএ/সিলেট