পিয়াইন-ডাউকি নদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন ও ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার মেশিন, ৩টি এক্সকাভেটর, ৩টি জেনারেটর ও ৫টি বারকি নৌকা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি টায়ার কেটে দেওয়া, ২টি বলগেট ডুবিয়ে দেওয়া এবং ৮টি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রোকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগের জেলাগুলোতে শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএ/সিলেট