জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদসহ আটক ৩, সিএনজি জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৮ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দরবস্ত বাজারে পিউরিয়া মিষ্টির দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কানাইঘাটের চতুল বাজার থেকে সিলেটের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় ভারতীয় মদ বহন করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে দরবস্ত বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অটোরিকশাটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির পেছনের বনেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেট মহানগরের শাহপরান থানাধীন পীরের বাজারের উত্তর মুকামেরগুল এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে রবিউল মিয়া, একই এলাকার মৃত আলাউদ্দিন আহমদের ছেলে সালমান আহমদ এবং স্বপন আহমেদের ছেলে রাহাত আহমদ ।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৬ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার (৪ নভেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হবে।



এসএ/সিলেট