শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

post-title

ছবি সংগৃহীত

শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত এবং যানজটহীন হিসেবে গড়ে তুলতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ব্যস্ততম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে বিঘ্ন ঘটানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মোট ৯টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনা এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অপরাধে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৮টি দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে ভোক্তা স্বাস্থ্যঝুঁকি তৈরির অপরাধে ‘শ্যামা বেকারি’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান  বলেন, “শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তবে একটি বাসযোগ্য ও সুন্দর শহর পেতে হলে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতনতা ও আইন মেনে চলার বিকল্প নেই।” জনস্বার্থে ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান সামনে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এসএ/সিলেট