জ্বালানি তেলের দাম বৃদ্ধি : প্রতি কিলোমিটার বাসভাড়া ১৭ পয়সা

post-title

ছবি সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার স্বল্প ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। ফলে ৫২ আসনের বাসে ১০০ কিলোমিটার যাত্রায় ভাড়া বাড়বে ১৭ টাকা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়া ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

দূরপাল্লার বাসের ক্ষেত্রেও একই হারে ভাড়া বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সার পরিবর্তে এখন দিতে হবে ২ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ৫২ আসনের বাসে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে আগের তুলনায় ১৭ টাকা বেশি গুনতে হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত এলাকাতেও বাসভাড়া বাড়ানো হয়েছে। সেখানে প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়।

মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারই নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হবে এবং এদিন থেকেই কার্যকর হবে সংশোধিত ভাড়া।

তবে যাত্রাপথ ও স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই থাকছে। সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকা বহাল থাকবে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।

এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে।

নতুন দামে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোল ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে।

এসএ/সিলেট