বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা

post-title

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে ওয়ার্ডভিত্তিক অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্মীরা।

মঙ্গলবার (১৬ই জুন) নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কর্মদক্ষতার ভিত্তিতে নির্বাচিত সেরা ওয়ার্ড সচিব ও সুপারভাইজারদের হাতে পুরস্কার তুলে দেন।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল হয় কর্মীদের নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিকের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, এবারের ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। এ সফলতার পেছনে সরকারের দিকনির্দেশনা, সুপরিকল্পিত প্রস্তুতি এবং মাঠপর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সিসিক প্রশাসক আরও বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে দফায় দফায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালিত হয়েছে। কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলে কোরবানির পশুর বর্জ্য মাত্র ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করে নগরীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই অর্জন শুধু সিসিকের নয়, পুরো নগরবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষে সিসিক প্রশাসক বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সচিব ও সুপারভাইজারদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের কর্মনিষ্ঠার প্রশংসা করেন।

নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে শুধু কোরবানির সময় নয়, সারা বছরই নাগরিকদের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি সকলের সচেতন অংশগ্রহণ কামনা করেন।

এসএ/সিলেট