প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল

post-title

ছবি সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। খাল খননের ফলে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটে, কৃষিজমিতে পানির সহজলভ্যতা বাড়ে এবং খাদ্যশস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এর ধারাবাহিকতায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং পরবর্তীতে খাদ্য রপ্তানির সক্ষমতাও তৈরি হয়।

আগামী ২ মে  প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর ও সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নগরভবন সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কান্দিগাঁওসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খাল-নদী খনন শুধু কৃষি উন্নয়নের জন্য নয়; এটি জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রেক্ষাপটে পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে এই ধরনের কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে।

তিনি আরও বলেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ, এবং সেই ধারাবাহিকতায় তিনি সিলেট সফরে আসছেন। তাঁর এই সফর সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
খাল খনন কর্মসূচি ও জনসভা সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং দায়িত্বশীলভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সহ-সভাপতি শহীদ আহমদ ও আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক বাদশাহ আহমদ,  মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন, বিএনপি নেতা ফয়জুল আহমদ, আব্দুল আজিজ আলীম, আব্দুজ জহির, আযম আলী, আব্দুস সালাম প্রমুখ।

এসএ/সিলেট