শ্রীমঙ্গলে আলোচিত শাবানা হত্যা মামলার রায়, চারজনের মৃত্যুদণ্ড

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে হত্যার প্রায় সাড়ে ১০ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। পাশাপাশি তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

অপর আসামি মুহিবুর রহমানকে ৭ ও জয়নাল মিয়াকে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। বিরোধের একপর্যায়ে শাবানা বেগমকে তার সৎ ভাই ও স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

এই ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন।

এসএ/সিলেট