জকিগঞ্জে ৫১ কৃষককে ৫৩ লাখ ১০ হাজার টাকার ঋণ বিতরণ

post-title

ছবি সংগৃহীত

জকিগঞ্জ প্রতিনিধি :: কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে ৫১ জনের মধ্যে ৫৩ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের উদ্যোগে এবং উপজেলার তফসিলি ব্যাংকগুলোর সহযোগিতায় কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক সিলেট নর্থের ডেপুটি প্রিন্সিপাল অফিসার হিমাংশু আচার্য্য এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সিলেটের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ ফয়জুর রহমান শহীর।

অনুষ্ঠানে সাংবাদিক, কৃষক ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য দেন। এতে সোনালী, কৃষি, রূপালী, জনতা, অগ্রণী, পূবালী, ইসলামী, ডাচ্-বাংলা ও সীমান্ত ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া পল্লী সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুলহাস সুজন।

বক্তারা বলেন, কৃষকদের ১০টাকায় অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ অবারিত করেছে। খুব সাধারণ তথ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের কৃষক ঋণ সুবিধা পাচ্ছেন। এর সুফল অর্থনীতি পাচ্ছে, দেশ পাচ্ছে। আমরা চাই আজকের ক্ষুদ্র উদ্যোক্তারা একসময় বড় উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে। ব্যাংকের মূল উদ্দেশ্য গ্রাহকের সমস্যা সমাধান করা। গ্রাহকের স্বার্থ সংরক্ষণ করে আমরা চাই অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। দেশের একটি মানুষও ব্যাংকিং সেবার বাইরে থাকবে না- সেই লক্ষেই আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ণ করছে ব্যাংক সমূহ। কৃষকদের প্রাপ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের মূল্যায়ন ও সম্মান করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের ধন্যবাদ জানান বক্তারা। সভায় ৫১ জনের মধ্যে মোট ৫৩ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।



এসএ/সিলেট