শিলং তীরবিরোধী অভিযানের সময় সুরমায় ঝাঁপ দেন জজ মিয়া, পরে মৃত্যু

post-title

ফাইল ছবি

নগরীতে শিলং তীরবিরোধী অভিযানের সময় সুরমা নদীতে ঝাঁপ দেওয়ার পর জজ মিয়া (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত মৌল মিয়ার ছেলে। তিনি নগরীর শামীমাবাদ ১ নম্বর রোডে বসবাস করতেন এবং পেশায় রিকশাচালক ছিলেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে এসএমপির গোয়েন্দা পুলিশ শিলং তীর বিরোধী অভিযান পরিচালনা করতে নগরীর কানিশাইল এলাকায় যায়।

 পুলিশের উপস্থিতি টের পেয়ে নিহত জজ মিয়াসহ কয়েকজন দৌড়ঝাপ শুরু করেন। এসময় জজ মিয়া সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএমপি’র উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন বলেন, গোয়েন্দা পুলিশ অভিযানে গেলে জজ মিয়াসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় জজ মিয়া সুরমা নদীতে ঝাপ দেন।

পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, জজ মিয়া আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

এসএ/সিলেট