সিলেটে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ সালমা : ১২ দিনেও মেলেনি সন্ধান

post-title

ছবি সংগৃহীত

সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের চান্দাইল এলাকা থেকে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ হওয়ার ১২ দিন পরও সন্ধান মেলেনি সালমা আক্তার (২৪) ও তার মেয়ে মরিয়মের।

এ ঘটনায় সালমার স্বামী মো. রুমন মিয়া এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি মা-মেয়েকে উদ্ধারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর সিইওর কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

লিখিত আবেদনে রুমন মিয়া উল্লেখ করেন, তিনি দৈনিক জালালাবাদ পত্রিকায় বিটপিয়ন হিসেবে কর্মরত। গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তিনি অফিসে কর্মরত থাকা অবস্থায় তার স্ত্রী সালমা আক্তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। যাওয়ার আগে তার মাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা-মেয়ের সন্ধান পাননি। বিষয়টি নিয়ে ২৩ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় জিডি করেন রুমন মিয়া। জিডি নম্বর-১১২৪।

নিখোঁজ সালমা আক্তার সিলেটের চান্দাইল গ্রামের বাসিন্দা মো. রুমন মিয়ার স্ত্রী এবং বিশ^নাথ থানার নাজিরবাজার এলাকার সাধুপুর গ্রামের নজির মিয়ার মেয়ে। নিখোঁজের সময় তার সঙ্গে পাঁচ বছরের মেয়ে মরিয়ম ছিল।

রুমন মিয়া মা-মেয়েকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি ও হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন। এদিকে ২২ সেপ্টেম্বর থেকে রোববার পর্যন্ত ১২ দিন পার হলেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭৩৯-০৯৫১৪১ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এসএ/সিলেট