সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযান,...
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুটকি, চকলেট, সুপারি ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
সিউকের সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমবারের মতো সিলেটের আবাসন ও নগরায়ণসংশ্লিষ্ট সব অংশীজনকে একই প্ল্যাটফর্মে এনে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
শনিবার (৩ অক্টোবর) সিউক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি জানান, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় আগামী ৫ অক্টোবর সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে।
সিলেটে এর আগে গণপূর্ত বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হলেও এবারই প্রথম সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে দুই দিনব্যাপী বৃহৎ পরিসরে দিবসটি উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে রিকাবীবাজার স্টেডিয়াম-সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।
৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ১১টায় অনুষ্ঠিত হবে প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা। দুপুর ১টায় উদ্বোধন করা হবে ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা। সকাল সাড়ে ১১টা থেকে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আবাসন ও নগরায়ণবিষয়ক ভাবনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল, নগরায়ণ ও আবাসনবিষয়ক মডেল এবং আলোকচিত্র প্রদর্শনী।
৬ অক্টোবর সকাল ১০টায় পরিবেশ সুরক্ষায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় টেকসই নগরায়ণ ও আবাসনবিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১২টায় ভাবনা ও আলোকচিত্র প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়ন এবং বিকেল সাড়ে ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে। বিকেল ৫টায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হবে।
সিউক চেয়ারম্যান বলেন, সিলেটকে একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। বিশ্ব বসতি দিবসকে কেন্দ্র করে এবারই প্রথম আবাসনসংশ্লিষ্ট সব অংশীজনকে একই প্ল্যাটফর্মে আনা হয়েছে।
দিবসটি উদযাপনে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম যুক্ত রয়েছে। এছাড়া বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জসহ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও এতে অংশ নিচ্ছে।
তরুণ প্রজন্মকে পরিকল্পিত নগরায়ণে উৎসাহিত করতে চিত্রাঙ্কন, আবাসনবিষয়ক ভাবনা প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে নগরায়ণসংশ্লিষ্ট ৩০টিরও বেশি ভাবনা জমা পড়েছে। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
নাগরিক সেবা সহজীকরণের অংশ হিসেবে উদ্বোধন করা হবে ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা। এর মাধ্যমে ঘরে বসেই আবেদন জমা দেওয়া ও আবেদনের অগ্রগতি অনুসরণের সুযোগ থাকবে। এর সঙ্গে প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সেবা’ যুক্ত থাকবে। এর মাধ্যমে এক মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সিউক চেয়ারম্যান বলেন, সিলেটের পরিকল্পিত বিকাশে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সবাইকে সঙ্গে নিয়েই তারা এগিয়ে যেতে চান।
এসএ/সিলেট
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুটকি, চকলেট, সুপারি ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে...
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলাবাহিনী গিয়ে...
সিলেটে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন...
সিলেটকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে আগামী ৫ ও ৬ অক্টোবর প্রথমবারের মতো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে...