সিলেট সীমান্তে ১২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৭০ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় প্রসাধনী, জিরা, বাসমতি চাল, গাড়ির টায়ার, কম্বল, গরু, চকলেট, ফল, সুপারি ও নারিকেলসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পণ্যের চালান ফেলে পালিয়ে যায়। ফলে জব্দ করা পণ্যের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। লে. কর্নেল মো. নাজমুল হক আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/সিলেট