মৌলভীবাজারে ভারতীয় গরু ও দেশীয় মদসহ আটক ৪

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা চারটি ভারতীয় ষাঁড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুজন এবং মাদক বহনের অভিযোগে দুজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই মো. আবদুল করিম, এসআই শেখ কামরুল ইসলামসহ পুলিশের একটি দল হাজীগঞ্জ বাজারে গরুর হাটসংলগ্ন রেললাইনের পূর্ব পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আনা চারটি ষাঁড় বাছুর উদ্ধার করা হয়। অভিযানকালে আটকরা হলেন শাহিন আহমদ, আফজাল হোসেন।

অন্যদিকে, একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানাধীন দক্ষিণভাগ গুলিস্তান এলাকায় ডেফল গাছের নিচে অভিযান চালায় পুলিশ। এসআই শেখ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেন।

এ ঘটনায় রাজিব রবি দাস  এবং রাজু রবিদাসকে গ্রেপ্তার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালান নির্মূলে বড়লেখা থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট