হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন হবিগঞ্জের দীপ্তিতা দাশ

post-title

দীপ্তিতা দাস ও তার পরিবার।

হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার ও এলাকাবাসী।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিশ্বের অন্যতম সেরা আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও আইনজীবী মিশেল ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইসসহ অনেকে।

জানা যায়, দীপ্তিতার বাবা দিলীপ দাশ ও মা মিতা দাশ বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী। তার প্রয়াত দাদা নিরঞ্জন দাশ ছিলেন চুনারুঘাট মধ্যবাজারের ‘নিরঞ্জন সিটি’র মালিক। দীপ্তিতার এ গৌরবময় অর্জনে চুনারুঘাট পৌর এলাকায় দেখা যায় আনন্দ-উল্লাস ও মিস্টি বিতরণ।

দীপ্তিতার কাকা সজল দাস বলেন, এমন একটি প্রতিষ্ঠানে দীপ্তিতা দাশের পড়ার সুযোগ নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়।

দীপ্তিতা দাস মোবাইল ফোনে জানান, পড়াশোনা শেষে দেশের কল্যাণে কাজ করতে চান। সেই সঙ্গে সবার কাছে আশীর্বাদ কামনা করেন তিনি।

এসএ/সিলেট