শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

post-title

ছবি সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুময়ুন কবির। শুক্রবার সিলেটে আসবেন তিনি।

যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবিরের বাড়ি সিলেটে। তিনি গত নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেলে বিএনপি সরকার গঠনের পর তাকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হয়।

এরপর গত ২১ আগস্ট উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান হুমায়ুন কবির। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের দায়িত্ব পালনকালে হুমায়ুন কবির মন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলেও সরকারের পক্ষ থেকে জানানা হয়।

প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট আসছেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। ওইদিন বাদ জুমা হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফ জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

পরবর্তীতে বিকাল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

এদিকে, হুমায়ুন কবিরের এই কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এসএ/সিলেট