কুয়েত ২৭ দেশ থেকে গৃহকর্মী নেবে না:উন্মুক্ত ১০ দেশ

post-title

ছবি সংগৃহীত

বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনে একটি নতুন সার্কুলার জারি করেছে। সংশোধিত নির্দেশনায় কোন কোন দেশ থেকে গৃহকর্মী নিয়োগ করা যাবে এবং কোন দেশগুলো থেকে নিয়োগ সীমিত বা নিষিদ্ধ থাকবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বর্তমানে ১০টি দেশ থেকে পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, বেনিন, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভারত, ভিয়েতনাম এবং নেপাল। এছাড়া সেনেগাল থেকে শুধুমাত্র পুরুষ গৃহকর্মী নিয়োগ করা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে গভর্নরেটভিত্তিক সেবা কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন ও অনুমোদনের কার্যক্রম পরিচালিত হবে।

অন্যদিকে, নতুন সার্কুলারে ২৭টি দেশের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে, যেসব দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়ন ও সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শুধুমাত্র নারী গৃহকর্মীদের জন্য প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, নতুন নীতিমালা প্রণয়নের সময় কূটনৈতিক, প্রশাসনিক ও শ্রমবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। কিছু দেশের কুয়েতে কূটনৈতিক প্রতিনিধিত্ব থাকলেও অন্য কিছু দেশের ক্ষেত্রে তা নেই, যা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত নির্দেশনা ইতোমধ্যে আবাসিক বিষয়ক বিভাগ ও সংশ্লিষ্ট সেবা কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে এবং সর্বশেষ হালনাগাদের ভিত্তিতে তা কার্যকর করা হয়েছে।

এসএ/সিলেট